জুলাই সনদ' নিয়ে বিরোধী দল জনগণকে সম্পূর্ণ ভুল ব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি স্পষ্ট করে বলেছেন, বিরোধী দল শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য এই জুলাই সনদকে আরেকটি হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায়। কিন্তু বিএনপি তা হতে দেবে না। শুক্রবার (১৭ জুলাই) জাতীয় প্রেস ক্লাবে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক এমাজ উদ্দিন আহমেদের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, আমাদের বিরোধী দল থেকে বলা হচ্ছে জুলাই সনদ বাস্তবায়নের দাবি সংসদে আদায় না হলে রাজপথের ফয়সালা হবে। আমার কাছে মনে হয়, জনগণকে বিভ্রান্ত করার জন্যই এই ধরনের প্রশ্ন তোলা হচ্ছে। আমরা এবং আন্দোলনকারী সব দল একসঙ্গেই এই সনদে স্বাক্ষর করেছি। আমরা বারবার বলছি, 'উই আর কমিটেড' (আমরা অঙ্গীকারবদ্ধ। ৩১ দফার মতো জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নেও আমরা প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আরও বলেন, "আমরা যেটা সই করেছি, আমরা সেটার দায়দায়িত্ব গ্রহণ করব। কিন্তু যেটা আমরা সই করিনি, সেটার দায়দায়িত্ব আমরা নেব না। গণভোটের যে কথা বলা হচ্ছে, সেই গণভোটের একটা অংশে তো আমাদের সঙ্গে কোনো আলোচনাই হয়নি। দেশে গণতন্ত্র ও রাজনৈতিক সংস্কারের ইতিহাস তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, এদেশে সংস্কার কারা এনেছে? বিএনপি এনেছে। একদলের শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র এবং প্রেসিডেনশিয়াল ফর্ম অব গভর্নমেন্ট থেকে পার্লামেন্টারি ফর্ম অব গভর্নমেন্ট বিএনপিই প্রবর্তন করেছে। এমনকি তত্ত্বাবধায়ক সরকারের যে বিধান, সেটিও আমরাই পার্লামেন্টে সারারাত কাজ করে পাস করিয়েছিলাম। আজকে যখন অন্যরকম কথা বলা হয়, তা কেবলই জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা। স্মরণ সভায় অধ্যাপক এমাজ উদ্দিন আহমেদের স্মৃতি চারণ ও তার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে দলের অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।