সাভারে জুলাইয়ের শহীদদের স্মরণে ছাত্রদলের বিশেষ সভা, পাশে দাঁড়ালো বীর পরিবারগুলোর।জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে রাজপথে প্রাণ হারানো শহীদদের গভীর শ্রদ্ধায় স্মরণ করেছে ঢাকা জেলা উত্তর ছাত্রদল। স্মরণসভার পাশাপাশি আন্দোলনে শহীদ হওয়া পরিবারের সদস্যদের পাশে দাঁড়িয়ে তাদের হাতে নগদ আর্থিক সহায়তা তুলে দিয়েছেন সংগঠনটির নেতৃবৃন্দ। বৃহস্পতিবার বিকেলে সাভারের ব্যাংক কলোনি এলাকার ‘দেওয়ান ভিলায়’ এক আবেগঘন পরিবেশে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। তিনি তাঁর বক্তব্যে বলেন: গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে জুলাই-আগস্টের শহীদদের আত্মত্যাগ এ দেশের ইতিহাসে চিরভাস্বর হয়ে থাকবে। জাতি চিরকাল কৃতজ্ঞচিত্তে এই বীর সন্তানদের অবদান স্মরণ করবে। ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহফুজ ইকবালের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন: জুলাই-আগস্ট আন্দোলনে শহীদ হওয়া পরিবারের সদস্যরা।আন্দোলনে গুলিবিদ্ধ ও গুরুতর আহত হওয়া স্থানীয় ‘জুলাই যোদ্ধারা। ঢাকা জেলা উত্তর ছাত্রদলের বিভিন্ন ইউনিটের সর্বস্তরের নেতাকর্মী। স্মরণসভার মূল আলোচনা শেষে আন্দোলনে শহীদদের রুহের মাগফিরাত কামনা এবং চিকিৎসাধীন আহতদের দ্রুত সুস্থতার জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। সবশেষে সভার আমন্ত্রিত অতিথি ও ছাত্রদলের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ উপস্থিত শহীদ পরিবারের সদস্যদের হাতে নগদ অনুদান তুলে দিয়ে তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।