নিজস্ব প্রতিনিধি:
সাভারে জমকালো ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল জনপ্রিয় সাংস্কৃতিক সংগঠন ‘আন নাশিদ শিল্পী গোষ্ঠী’র পুনর্মিলনী ও দোয়া মাহফিল। গত ১৬ জুলাই রোজ বৃহস্পতিবার সাভারের শিমুলতলায় অবস্থিত এম.কে কনভেনশন হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও সাভার পৌরসভার মেয়র পদপ্রার্থী লায়ন মো. খোরশেদ আলম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, যুবসমাজকে মাদক, অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে এবং অপসংস্কৃতি রুখে দিতে সুস্থ সংস্কৃতির কোনো বিকল্প নেই। ‘আন নাশিদ শিল্পী গোষ্ঠী’ দীর্ঘ দিন ধরে সেই কাজটিই অত্যন্ত সফলতার সাথে করে যাচ্ছে। তিনি সংগঠনের এই ধারা অব্যাহত রাখার আহ্বান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটিজেন ক্লাব সমিতির সভাপতি কামরুজ্জামান, সাধারণ সম্পাদক আলমগির কবির এবং সাভার পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী সুমন ফকির। এছাড়াও অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন রাশেদুজ্জামান বাচ্চু, মো. রাকিব, খান মজলিস বাবু সহ স্থানীয় সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। সবশেষে, সংগঠনের একঝাঁক প্রতিভাবান শিল্পীদের চমৎকার ও হৃদয়গ্রাহী ইসলামিক নাশিদ (ইসলামিক গান) পরিবেশনার মধ্য দিয়ে আনন্দঘন এই আয়োজনের সমাপ্তি ঘটে।